বেঙ্গল আর্ট লাউঞ্জে চলছে ভারতের প্রখ্যাত শিল্পী শুভাপ্রসন্ন-এর চিত্রকলা প্রদর্শনী
কলকাতার আকার প্রকার গ্যালারির সহযোগিতায় গুলশানে বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিক কেন্দ্র এবং আর্ট গ্যালারি বেঙ্গল আর্ট লাউঞ্জ এর আয়োজেনে গত ১৬ মার্চ, শুক্রবার থেকে ভারতের প্রখ্যাত শিল্পী শুভাপ্রসন্ন এর 'নীলিমা ও নৈরাজ্য' শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬ টায় বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দশ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিল্পী শুভাপ্রসন্ন, অধ্যাপক আনিসুজ্জামান, কলকাতা আকার প্রকার গ্যালারির পরিচালক রিনা লাথ, বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্ এর পরিচালক সুবীর চৌধুরী।
শিল্পী শুভাপ্রসন্ন ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার ইন্ডিয়ান কলেজ অব্ আর্ট এ চারুকলায় পড়াশোনা করেন। কলেজ অব্ ভিসুয়াল আর্টস ও আর্টস অ্যাকার- যা বর্তমানে আর্টস অ্যাকার ফাউন্ডেশন- এর প্রতিষ্ঠাতা এবং একই সঙ্গে আর্ট এন্ড আর্টিস্টস, ক্যালকাটা পেইন্টারস ও সিরকা জেনেভা এর সদস্য শিল্পী শুভাপ্রসন্ন অসংখ্য কর্মশালা এবং আর্টিস্ট রেসিডেন্সিতে অংশ নিয়েছেন। তিনি এআইএফএসিএস, স্টেট এলকেএ ও বিরলা একাডেমি অ্যাওয়ার্ডস সহ অনেক পুরস্কার লাভ করেছেন। এ পর্যন্ত ভারতের বিভিন্ন শহরসহ পৃথিবীর বিভিন্ন দেশে তাঁর ৫৫টি একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাংলাদেশ বিয়েনাল, হাভানা বিয়েনাল, আঙ্কারা বিয়েনাল ও দিল্লী ট্রিয়েনালসহ দেশে বিদেশে বহু দলগত ও আন্তর্জাতিক পর্যায়ের প্রদর্শনীতে অংশগ্রহন করেছেন।
প্রদর্শনীতে মোট ৭১ টি চিত্রকর্ম স্থান পায়। প্রদর্শনী আগামী ২৫ মার্চ ২০১২ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে।
স্থান: বেঙ্গল আর্ট লাউঞ্জ। ৬০ গুলশান এভিনিউ, (উদয় টাওয়ারের বিপরীত) নীচতলা, গুলশান ১, ঢাকা।
শিল্প-সাহিত্য-সংস্কৃতি (বিনোদনবিডি ডট কম)
আরও পড়তে ডানে দেখুন।
(বিনোদনবিডি ডট কম-এ প্রকাশিত ও প্রচারিত সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র বিনোদনবিডি ডট কম লি: কতর্ৃপক্ষের সর্বস্বত্ব ও সংরক্ষিত। এর সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবেনা।)
