৬৫ তম কান চলচ্চিত্র উৎসবে মেরিলিন মনরো
বছর ঘুরে আবারো পর্দা উঠছে কান চলচ্চিত্র উৎসবের। অস্কারের পর বিশ্বে দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচনা করা হয় এই মিলনমেলাকে। এ বছরের ২২টি ছবি লড়াই করবে 'পাম দও' বা 'গোল্ডেন পাম' খেতাবের জন্য।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই উৎসবের নাম 'কান চলচ্চিত্র উৎসব' কেন? কান হচ্ছে ফ্রান্সের ছোট্ট একটি শহর। চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে এই শহর এখন লোকে লোকারণ্য। হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের তারকারা থাকছেন এ উৎসবে। তাদের একনজর দেখতে রয়েছে ভক্তদের ভিড়। আরো আছেন গণমাধ্যমের প্রায় সাড়ে চার হাজার সাংবাদিক। সব মিলিয়ে পুরো কানই এখন এক উৎসবের নগরী।
চলতি বছর এই উৎসবে বিশেষ গুরুত্ব পাচ্ছেন মেরিলিন মনরো। উৎসবের প্রবেশপথেই রয়েছে তার বিশাল এক পোস্টার। ঠিক পঞ্চাশ বছর আগে মারা যান মনরো। মৃতু্যর পর এত বছর পার হলেও এখনো মানুষের মনে রয়েছেন তিনি। কান উৎসব তাই তাকে বিশেষভাবে সম্মানিত করছে এবার। উৎসব ভেনু্যর বিভিন্ন স্থানে ঝুলছে মনরো'র বিভিন্ন পোস্টার।
কান শহরের সমুদ্রতটেও চলচ্চিত্র দেখানোর ব্যবস্থা করা হয়। ৬৫তম কান চলচ্চিত্র উৎসবের শুরু হয়েছে 'মুনরাইজ কিংডম' ছবিটি প্রদর্শনীর মধ্য দিয়ে। মার্কিন নির্মাতা ওয়েস অ্যান্ডারসন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন বিল মুরে। এবছর উৎসবের মূল খেতাব 'পাম দর' জয়ের দৌঁড়ে রয়েছে 'মুনরাইজ কিংডম'।
বলাবাহুল্য, এই খেতাব জয়ের তালিকায় থাকা ছবিগুলোর সবকটির নির্মাতা হচ্ছেন পুরুষ। এই নিয়ে আবার শুরু হয়েছে বিতর্ক। নারী চলচ্চিত্র পরিচালকরা বিষয়টির প্রতিবাদ করেছেন। তবে উৎসবের পরিচালক থয়েরি ফ্রেমাক্স বলেছেন, "শুধু নারী পরিচালিত বলেই কোনো ছবি এই প্রতিযোগিতায় জায়গা পাবে না, যদি না সেটি প্রতিযোগিতায় থাকার যোগ্যতা অর্জন করে।"
উল্লেখ্য, গত শতকের ত্রিশের দশকের শেষ দিকে যাত্রা শুরু করে কান চলচ্চিত্র উৎসব। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিরতি ঘটে। ১৯৪৭ সালে ষোলটি দেশের চলচ্চিত্র এই উৎসবে জায়গা পায়। বর্তমানে কান' এর পরিধি অনেক বড়। চলতি উৎসবে প্রদর্শন করা হবে আশিটির বেশি ছবি। আর অ্যাঞ্জেলিনা জোলি থেকে ঐশ্বরিয়া রাই পর্যন্ত বিশ্বের সব নামী দামী তারকারাই হাঁটবেন লাল গালিচায়। উৎসব চলবে আগামী ২৭ শে মে পর্যন্ত। (সূত্র: ওয়েবসাইট)
(১৭ মে, বৃহস্পতিার ২০১২)
বিনোদন প্রতিবেদক
বিনোদনবিডি স্পেশাল (বিনোদনবিডি ডট কম)
আরও খবর পড়তে ডানে দেখুন।
(বিনোদনবিডি ডট কম-এ প্রকাশিত ও প্রচারিত সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র বিনোদনবিডি ডট কম লি: কতর্ৃপক্ষের সর্বস্বত্ব ও সংরক্ষিত। এর সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবেনা।)
