সিরিজ জয়ের হুঙ্কার কেলির, রানার জবাব

দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। তৃতীয় ওয়ানডে এখন সিরিজ নির্ধারণী। 


মিরপুরে ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৯৮ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। ১০২ বলে ৮৩ রান করেছেন কিউই ওপেনার নিক কেলি। বাকিরা কেউ ২০ রানও করতে পারেননি। বাংলাদেশের হয়ে ৫ উইকেট নাহিদ রানা। ২ উইকেট নেন শরিফুল ইসলাম।

জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে এগিয়েছে বাংলাদেশের ইনিংস। শুরুতে সাইফ হাসান এবং সৌম্য সরকারের উইকেট হারিয়ে ফেললেও অতটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ফিফটি হাঁকিয়েছেন শান্ত এবং তানজিদ। ৫৮ বলে ৭৬ রান করেন তানজিদ। ৭১ বলে ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হন শান্ত। ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ।

সিরিজ জয়ের সুযোগ আছে দুই দলের সামনেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা দুই ক্রিকেটারই সিরিজ জেতার আশার কথা জানিয়েছেন।

কিউই ওপেনার নিক কেলি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘অবশ্যই। কয়েক দিন আগেই ভালো পারফরম্যান্স দেখিয়ে প্রথম ম্যাচ জিতেছি। হয়ত আজকে হেরে গেছি। তবে শেষ দিকে ২০-৩০ রান বেশি করতে হয়ত তাদের রান তাড়া কঠিন হতে পারত। দেখা যাক সামনের ম্যাচে কী করতে পারি।’

পরে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আসা নাহিদ রানা বলেছেন, ‘নিউজিল্যান্ড সিরিজ জিততে চায়, অবশ্যই তারা ভালো দল। আসলে ক্রিকেট খেলা মুখের কথায় হবে না মাঠের খেলায় যে জিততে পারবে তারাই (সিরিজ) জিতবে।’

সিরিজে এখন চলছে ১-১ সমতা। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে আগামী ২৩ এপ্রিল।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন