ভারত বাংলাদেশে কুদৃষ্টি দিলে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জবাব দেবে পাকিস্তান’
এক ভিডিও বার্তায় উসমানি আরও বলেন, পাকিস্তান বাংলাদেশের স্বায়ত্তশাসনের ওপর ভারতীয় আধিপত্য চাপিয়ে দেওয়ার চেষ্টা সহ্য করবে না। তিনি দাবি করেন, অতীতে পাকিস্তান ভারতের সঙ্গে এমন পরিস্থিতিতে মোকাবিলা করেছে এবং প্রয়োজনে পুনরায় কঠোর পদক্ষেপ নিতে সক্ষম।
উসমানি একটি কৌশলগত দৃশ্যপটও উপস্থাপন করেছেন। তিনি বলেন, পশ্চিম দিক থেকে পাকিস্তান এবং পূর্ব দিক থেকে বাংলাদেশ একযোগে আক্রমণ চালাতে পারে, যেখানে চীন অরুণাচল প্রদেশ ও লাদাখ সীমান্তে ভারতের মনোযোগ বিভক্ত রাখবে।
তিনি আরও প্রস্তাব দিয়েছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সামরিক জোট গঠন করা উচিত। উসমানির মতে, পাকিস্তান বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি স্থাপন করবে, আর বাংলাদেশ পাকিস্তানে একই ধরনের ঘাঁটি স্থাপন করবে। তিনি দাবি করেছেন, এমন পদক্ষেপ উভয় দেশের কৌশলগত নিয়ন্ত্রণ শক্তিশালী করবে এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে বাংলাদেশের বন্দরগুলোর সাথে যুক্ত করবে।
উসমানি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্মকাণ্ডকে বাংলাদেশের জন্য বিরক্তিকর উল্লেখ করে অভিযোগ করেছেন, ভারতের ‘অখণ্ড ভারত’ মতাদর্শ বাংলাদেশের ওপর চাপিয়ে হিন্দু রাষ্ট্র গঠনের চেষ্টা করছে। তার মতে, পাকিস্তান-বাংলাদেশ সামরিক অংশীদারিত্ব আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে পারে।
